শ্রীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুল শিক্ষককে হত্যার অভিযোগ!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে রাসেল মিয়া (২৫) নামে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিলাইঘাটা এলাকায় লবলং সাগরের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকেলে পাশের বাড়ির আবু বকর মন্ডল ওরফে বাক্কা মন্ডলের ছেলে ইমরান মন্ডল রাসেলকে ডেকে নিয়ে যায়।

রাসেল শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের সুজন মিয়ার ছেলে। তিনি বারতোপা এলাকার শিশু কানন একাডেমি নামের একটি স্কুলে শিক্ষকতা করতেন।

নিহতের চাচাতো ভাই শরাফত আলী জানান, ‘শনিবার বিকেলে পাশের বাড়ির আবু বকর মন্ডল ওরফে বাক্কা মন্ডলের ছেলে ইমরান মন্ডল রাসেলকে ডেকে নিয়ে যায়। পরে রাতে রাসেল বাসায় না ফেরায় আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে তার সন্ধান পাওয়া যায় নি। সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে বিলাইঘাটা এলাকায় লবলং সাগরের পাড়ে একটি লাশ পড়ে আছে বলে সংবাদ পাই। সেখানে গিয়ে লাশ শনাক্ত করি। রাসেল বারতোপা এলাকার শিশু কানন একাডেমীতে শিক্ষকতা করতো’।

স্থানীয় বাসিন্দরা জানান, ‘উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত বিরোধের ঘটনার জেরেও হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে’।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ‘লাশের শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে লাশ রাতের আঁধারে এখানে ফেলে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে’।