জেলা পর্যায়ে একটি করে মাদক নিরাময় কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে পুলিশ : ডিআইজি হাবিব

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মাদকের ছোবল ক্রমশ ভয়াবহের দিকে যাচ্ছে। এ ভয়াবহতা থামানো শুধু পুলিশের পক্ষে সম্ভব নয়। পরিবার তথা সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই মাদকের ভয়াবহা থেকে রেহাই পাওয়া সম্ভব- কথাগুলো বলেছেন, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান পিপিএম।

ঢাকা রেঞ্জ ডিআইজি আরও বলেছেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে চলছে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। সেই সাথে মাদকসেবীদের পুনর্বাসন করার জন্য সারা দেশে জেলা পর্যায়ে একটি করে মাদক নিরাময় কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে পুলিশ।

মানিকগঞ্জ সদর উপজেলায় ভাড়ারিয়া ইউনিয়নের বাঘিয়া এলাকার বিলচর বাসিয়ায় বাংলদেশের প্রথম ধাপের মাদক নিরাময় কেন্দ্র হবে এটি।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান পিপিএম বার, সোমবার মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাকশিয়া মৌজায় প্রস্তাবিত মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন।

এ সময় পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম, মানিকগঞ্জ সদর থানার সাবেক ওসি রকিবুজ্জামান ও ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদেরের ঐকান্তিক প্রচেষ্টায় ৮২.৫০ শতাংশ জমি মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রর নামে দানপত্র গ্রহণ করা হয়।

বিলচর পাকশিয়া গ্রামের জলিল শিকদারের স্ত্রী মোছা. দেলোয়ারা বেগম ৬৫ শতাংশ এবং মোহাম্মদ ফজলুল হক ও আবুল খায়ের দুই ভাই কর্তৃক ১৭.৫০ শতাংশ সর্বমোট ৮২.৫০ শতাংশ জমি ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ বরাবর হস্তান্তর করা হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্স হতে আগত মাদকাসক্ত ও পুনর্বাসন নিরাময় কেন্দ্রের প্রজেক্ট ডিরেক্টর ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, মানিকগঞ্জ জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন, জমিদাতা জলিল সিকদার, ফজলুল হক ও খয়ের উদ্দিনসহ পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশের রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে জমিদাতাসহ তাদের পরিবারবর্গকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে ডিআইজি হাবিবুর রহমান অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে পুলিশের নিজস্ব অর্থায়নে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত ১৬০টি সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করেন।