চৌরাস্তায় ‘প্রাইম ব্যাংকে’ ঢুকে বোমা ফাটানোর হুমকি: যুবক আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার শাপলা ম্যানশনে থাকা ‘প্রাইম ব্যাংক’ এর জয়দেবপুর চৌরাস্তা শাখায় ঢুকে বোমা ফাটানোর হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

পরে দুটি আইইডি (বোমা) উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছে কাউন্টার টেরিরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

প্রাইম ব্যাংকের জয়দেবপুর চৌরাস্তা শাখায় ঢুকে ব্যাংকের ব্যবস্থাপককে বোমা ফাটানোর হুমকি দিলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আটক ওই যুবকের নাম মো. আবু বক্কর সিদ্দিক (৩০)। সে বাগেরহটের মোড়লগঞ্জ থানার বিমারি ঘাটা এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে। আবু বক্কর বোর্ডবাজার বটতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

বাংকের নিরাপত্তা কর্মী মো. শামীম জানান, বুধবার দুপুর ১২টা ২৩ মিনিটে এক যুবক কাঁধে একটি ব্যাগ নিয়ে প্রাইম ব্যাংক লিমিটেডের জয়দেবপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক ফরিদ আহমেদের কক্ষে ঢোকেন। তার ব্যাগে বোমা আছে দাবি করে ওই বোমা ফাটানোর ভয় দেখিয়ে ব্যবস্থাপকের কাছে মোটা অংকের টাকা দাবি করেন সেই যুবক।

“বোমার ফাটানোর হুমকির কথা শুনে ব্যাংকের ভেতর আতঙ্কে হুলস্থুল পড়ে যায়।” যুবককে কৌশলে ব্যাংকের ভেতরে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয় বলে জানান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আজাদ মিয়া জানান, পুলিশ ওই যুবককে আটক করে কৌশলে তার কাছ থেকে ব্যাগটি নিয়ে নেয়। এরপর তাকে বাসন থানায় স্থানান্তর করা হয়। অন্যদিকে ঢাকায় বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।

দুপুর পৌনে ৩টার দিকে কাউন্টার টেরিরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল ব্যাংকে পৌঁছায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে শাপলা ম্যানশনের সামনে যুবকের ব্যাগে থাকা বোমাটি নিষ্ক্রিয় করেন বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

সরেজমিনে দেখা গেছে, সে সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচাল সাময়িক বন্ধ করা হয়। এতে বোমা নিষ্ক্রিয় করা স্থলের পাশে মহাসড়কে লোকজনের ব্যাপক ভিড় জমে যায়। বোমাটি নিষ্ক্রিয় করার শব্দে আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেয় শাপলা ম্যানশনসহ আশেপাশের ব্যবসায়ীরা। তদন্তের পর প্রকৃত ঘটনা যানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

তবে ওই ব্যাংকের ম্যানেজার সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button