গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের মৌচাক তেলিরচালা এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিরাজুল ইসলাম (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর থানার গোড়াইপিয়ার এলাকার আব্দুল মজিদের ছেলে ও কালিয়াকৈর উপজেলার মৌচাক মসজিদ মাদ্রাসার শিক্ষক ছিলেন।
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন বলেন, সিরাজুল মৌচাক এলাকায় বসবাস করতেন। দুপুরে কোনাবাড়ী এলাকা থেকে তিনি মোটরসাইকেলযোগে মৌচাক যাচ্ছিলেন। এ সময় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিরাজুল মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সিরাজুলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।