কোনাবাড়ী থেকে কিশোরী শ্রমিক সুমী অপহরণ, জিম্মি দশা থেকে উদ্ধার করলো পিবিআই

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী শ্রমিক সুমী আক্তারকে (১৪) কোনাবাড়ীর দেওলাবাড়ী এলাকা থেকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে জিম্মি করে রাখে এক যুবক। ওই জিম্মি দশা থেকে তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় পৌঁছে দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর গাজীপুর জেলা শাখার সদস্যরা।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে অপহৃত মুনমুনকে জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কিশোরী সুমী আক্তার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার খোকসাবাড়ী গ্রামের বাবু মিয়া মেয়ে। সুমী মহানগরের কোনাবাড়ীর দেওলাবাড়ী এলাকায় তার দাদা-দাদীর সঙ্গে বসবাস করে দেওলাবাড়ী মোড়ল হাজীর জুটের গোডাউনে কাজ করতো।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর গাজীপুর জেলা কার্যালয় সংশ্লিষ্টরা এ তথ্য জানায়।

পিবিআই’র সূত্রে জানা যায়, অপহৃত কিশোরী (ভিকটিমক) সুমী আক্তার তার কর্মস্থলে আসা যাওয়ার পথে নেত্রকোনা সদরের ধুয়াকোনা নদীরপাড় এলাকার আক্তার হোসেনের ছেলে মানিক হোসেন (৩০) প্রায়ই বাজে মন্তব্যসহ কুপ্রস্তাব দিতো। পরবর্তীতে গত ১৪ ফেব্রুয়ারি সুমী কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আনুমানিক বিকেল ৩ টার দিকে কোনাবাড়ীর দেওলাবাড়ীর সড়ক থেকে মানিক হোসেন সুমীর মুখ চেপে ধরে তাকে পিকআপ ভ্যানে তুলে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে জিম্মি করে রাখে।

এরপর গত ১৮ ফেব্রুয়ারি সুমীর বাবা বাবু মিয়া বাদী হয়ে অপহরণের অভিযোগে গাজীপুর আদালতে একটি কোর্ট পিটিশন (সিপি) দায়ের (নং-২৬/২০) করেন। পরবর্তীতে আদালত মামলার তদন্তের দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর গাজীপুর জেলা শাখাকে।

পরে অপহৃত সুমীকে জিম্মি দশা থেকে উদ্ধারে তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা শাখার সদস্যরা। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মোহাম্মদ কাওছার উদ্দিনের নেতৃত্বে একটি টিম গাজীপুর মহানগরের জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত সুমীকে উদ্ধার করেন। পরবর্তীতে আদালতের মাধ্যমে সুমীকে তার পরিবারের জিম্মায় পৌঁছে দেন পিবিআই’র সদস্যরা।

 

আরো জানতে…..

কালীগঞ্জে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে অপহরণ: ৮ মাস ২২ দিন পর মুনমুনকে উদ্ধার করলো পিবিআই