কালিয়াকৈরে বাস-ট্রেন সংঘর্ষে এক নারী নিহত, ট্রেন চলাচল শুরু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সকাল ৯ টা ২০ মিনিটে ট্রেনে চলাচল শুরু হয়।

শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাখালি রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, শুক্রবার রাতে চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি শনিবার ভোরে ওই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ওই রেলক্রসিংয়ে উঠে যাওয়া একটি বাসকে দুমড়ে-মুচড়ে প্রায় আধা কিলোমিটার দূরে ভুঙ্গাবাড়ি এলাকায় নিয়ে যায় ট্রেনটি। পরে চালক ট্রেনটি বন্ধ করতে সক্ষম হন।

স্থানীয়রা বলেন, কালিয়াকৈর উপজেলার বেগুনবাড়ি এলাকায় ইট ভাটায় শ্রমিক নামিয়ে দিয়ে নেত্রকোনা যাওয়ার পথে উপজেলার সোনাখালী এলাকার রেলক্রসিংয়ে রেলগেট নামানো না থাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় বাসযাত্রী এক নারী যাত্রী নিহত হন। আরো চারযাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাজুলিয়া গ্রামের আকতার সরকারের ছেলে কামরুল সরকার, নেত্রকোনা জেলার মুন্সীপুর গ্রামের সামছুল হকের ছেলে মাসুদ, কামলা কান্দা গ্রামের মোস্তফা আলীর ছেলে মানিক মিয়া, নিজামপুর গ্রামের শাহ নেওয়াজের ছেলে হারুন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখনো নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে ওই লাইন দিয়ে ট্রেন সকাল ৯ টা ২০ মিনিট পর্যন্ত চলাচল বন্ধ থাকে।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, রেললাইন থেকে সকাল ৯ টা ২০ মিনিটে বাসটি সরানোর হলে ট্রেনে চলাচল শুরু হয়।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বলেন, দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। সকাল ৯ টা ২০ মিনিট পর্যন্ত চলাচল বন্ধ থাকে।