দেশে ফেরার প্রস্তুতিতে শেখ হাসিনা, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে চিঠি : রয়টার্স

বাংলাদেশি নাগরিক হিসেবে তার অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত দায়বদ্ধতার কথা উল্লেখ করে আবেদনটি "দ্রুত" নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে।

দেশে ফেরার প্রস্তুতিতে শেখ হাসিনা, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে চিঠি : রয়টার্স

গাজীপুর কণ্ঠ ডেস্ক

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। ২০২৪ সালে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

রয়টার্স চিঠিটি দেখেছে বলে জানিয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা এটি পাঠান দিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে।

আইনজীবীদের দাবি, অন্তর্বর্তী সরকার ও অন্য কর্তৃপক্ষ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে তারা জেনেছেন। তাই নতুন নথি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশি নাগরিক হিসেবে তার অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত দায়বদ্ধতার কথা উল্লেখ করে আবেদনটি “দ্রুত” নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে।

হাসিনা এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, ডিসেম্বরে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সহযোগীরা বলছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে ফেরার তারিখ জানানো হবে।

গত বছরের নভেম্বরে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থান দমনে নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের যুদ্ধাপরাধ-সংক্রান্ত ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। হাসিনা এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

এ বিষয়ে প্রীতি রহমান বা প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের কাছ থেকে রয়টার্স তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি।

হাসিনার দল আওয়ামী লীগ একসময় দেশের বৃহত্তম দল ছিল, এখন নিষিদ্ধ। দলটির অনেক নেতা কারাগারে, অনেকে ভারত বা অন্য দেশে অবস্থান করছেন।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, প্রায় দুই দশক ক্ষমতায় থাকা হাসিনার প্রতি জনসমর্থনের একটি অংশ এখনো রয়েছে। তাই তাঁর প্রত্যাবর্তন রাজনৈতিক বিভক্তি বাড়াতে পারে, যখন সরকার স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে। আবার তিনি ফিরলে হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে টানাপোড়েনে থাকা ভারত-বাংলাদেশ সম্পর্কে কিছুটা উন্নতির সম্ভাবনাও দেখা দিতে পারে।