গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পৃথক স্থান থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাজদিঘীর পাড় থেকে একটি এবং ইপসা গেইট এলাকায় ময়লার স্তুপ থেকে অপর একটি লাশ উদ্ধার করা হয়।
জিএমপি’র সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজুর রহমান বলেন, মঙ্গলবার বেলা ২টায় গাজীপুর শহরের রানী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয়ের স্টাফ কোয়ার্টার সংলগ্ন রাজদিঘীর পাড়ে খেজুর গাছের নিচে একটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে একটি কার্টুনের ভেতর কাপড়ে মোড়ানো মেয়ে নবজাতকের লাশ পাওয়া যায়। পরে ওই নবজাতকের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নবজাতকের বয়স এক দিন হবে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে সদর থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন বলেন, সালনার ইপসা গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তুপে একটি কার্টুন পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় উৎসুক জনতা কার্টুনটি খুলে ওড়নায় মোড়ানো মেয়ে নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ওই নবজাতকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নবজাতকের বয়স এক দিন হবে বলে ধারণা করা হচ্ছে।