গাজীপুর কণ্ঠ, শিক্ষা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এবারের পরীক্ষায় নম্বর বণ্টনে পরিবর্তন আনা হয়েছে। মোট এমসিকিউ, লিখিত ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ক, খ, গ এবং ঘ এই চারটি ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী) এবং ৪০ নম্বরের লিখিত ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি ভর্তি কমিটি। আর এবারের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত একাধিক সদস্য জানান, এবারের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এমসিকিউ, লিখিত এবং এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এতে পাস নম্বর হবে ন্যূনতম ৪০ শতাংশ।
ভর্তি পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা। এছাড়াও সভায় সিট কমানোর বিষয়ে কথা উঠলেও তা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তারা।