গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে তার দল আম আদমি পার্টি (আপ)। দেশটিতে নতুন কৃষি আইন বাতিল দাবিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করে ফেরার পর তাকে গৃহবন্দী করা হয়েছে।
তবে আম আদমি পার্টির এমন অভিযোগ অস্বীকার করেছে দিল্লির পুলিশ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর?( ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এমন খবর প্রকাশ করেছে।
এ বিষয়ে আম আদমি পার্টির নেতা সৌরভ ভারদ্বাজ জানান, গতকাল সোমবার সিংঘু সীমান্তে অবস্থান নেয়। সেখানে অবস্থানরত কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমর্থন জানান অরবিন্দ কেজরিওয়াল। সেখান থেকে ফেরার পরই দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে রেখেছে, তাকে গৃহবন্দী করা হয়েছে। কাউকে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এমনকি মুখ্যমন্ত্রীকেও বাড়ির বাইরে বের হতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে এক টুইট বার্তায় আম আদমি পার্টি জানায়, সোমবার কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করে ফেরার পর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করে রেখেছে দিল্লি পুলিশ।
এই অভিযোগ অস্বীকার করে দিল্লি পুলিশের (উত্তর) ডেপুটি কমিশনার অন্তু অ্যালফোনস বলেন, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে স্বাভাবিক নিয়মেই পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেজন্যই তা করা হয়েছে। তাকে গৃহবন্দী করা হয়নি।