টঙ্গী থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকার ‘রক্ত চন্দন কাঠ’ উদ্ধার: গ্রেপ্তার ১
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী বাজার এলাকা থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূলমানের ৩৪ টি ‘রক্ত চন্দন কাঠ’সহ চোরাচালানকারী চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
শনিবার (১২ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে ‘রক্ত চন্দন কাঠ’সহ তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেপ্তার নাজমুল হোসেন শামীম (২৩)। সে যশোর জেলার বেনাপোল পৌর এলাকার বাহাদুরপুর রোড স’মিল পট্টির তরিকুল ইসলামের ছেলে। সে পেশায় ট্রাক ড্রাইভার। পাশাপাশি চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ‘একটি সংঘবদ্ধ চোরাচালানকারী চক্র দীর্ঘদিন ধরে বিদেশ থেকে মূল্যবান চন্দন কাঠ চুরি করে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে চোরাচালানের মাধ্যমে এনে তা দেশের বিভিন্ন স্থানে অসাধু ব্যবসায়ীদের কাছে উচ্চ মূল্যে বিক্রয় করছে। এমন সংবাদে ওই চক্রটিকে গ্রেপ্তারে র্যাব ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় শনিবার (১২ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে র্যাব-১ এর একটি দল গোপন সংবাদে টঙ্গী বাজার এলাকার আরজু ম্যানশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করে চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য নাজমুল হোসেন শামীমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩৪ টি রক্ত চন্দন কাঠ (৩৮৪ কেজি) উদ্ধার করা হয়েছে। কাঠগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা। এছাড়াও ১ টি ট্রাক এবং ১ টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে’।
গ্রেপ্তার নাজমুলের বরাত দিয়ে র্যাব আরো জানায়, ‘সে পেশায় একজন ট্রাক ড্রাইভার। ট্রাক চালনোর পাশাপাশি সে চোরাচালানকারী চক্রের সাথে জড়িয়ে পড়ে। এই চক্রটি দীর্ঘদিন যাবত বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ পথে রক্ত চন্দন কাঠ দেশে এনে অসাধু ব্যবসায়ীদের কাছে উচ্চ মূল্যে বিক্রয় করেছে। রক্ত চন্দন কাঠগুলো পার্শ্ববর্তী দেশ থেকে চোরাচালানের মাধ্যমে এনে রাজধানীর অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রয় করার কথা ছিল বলে জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করে’।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



