গাজীপুরে ‘সরকা‌রি নি‌র্দেশনা’ অমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা: ক‌লে‌জের অধ্যক্ষর কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সরকা‌রি নি‌র্দেশনা অমান্য ক‌রে গাজীপুর সদর উপ‌জেলার ‘ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজ’ এ শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ায় মোবাইল কোর্টে অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রসাশন।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকী মোবাইল কোর্ট প‌রিচালনা করে এই দণ্ডাদেশ দেন।

জব্দ করা পরীক্ষার খাতা।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাইয়ুম সরকার। তিনি ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকী বলেন, ক‌রোনা মহামারীর কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে স্কুল-কলেজের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এছাড়াও আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এর মধ্যে ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ সরকা‌রি নি‌র্দেশনা অমান্য ক‌রে সোমবার সকালে প্রধান গেইট বন্ধ রেখে দুই শতা‌ধিক শিক্ষার্থীর উপ‌স্থি‌তিতে স্কুল শাখার পরীক্ষা প‌রিচালনা করছিলো। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে পরীক্ষা নেওয়ার সত্যতা পাওয়া যায়।

পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী।

পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘সংক্রামক রোগ (প্র‌তি‌রোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন) ২০১৮ এর ২৫(১)(খ) ধারায়’ ক‌লে‌জের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম সরকারকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অ‌ভিযানকা‌লে প্রায় ২’শ লি‌খিত পরীক্ষার খাতা, প্রশ্নপত্র ও রু‌টিন জব্দ করা হয়।