গাজীপুর কণ্ঠ ডেস্ক : টেকনাফের বাহারছড়া শ্যামলাপুরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক অজ্ঞাত মাদক কারবারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোররাতে টেকনাফের বাহারছড়া শ্যামলাপুর বিচ এলাকায় একদল মাদক কারবারী মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে র্যাবের একটি দল আভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা গুলিবর্ষণ করলে র্যাবের এএসআই ও কনস্টেবল পদমর্যাদার দুই সদস্য আহত হন।
এরপর র্যাবও সরকারি সম্পদ ও আত্মরক্ষার্থে কৌশলী অবস্থান নিয়ে কিছুক্ষণ পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারী দুবৃর্ত্তরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবা, ১টি দেশীয় লম্বা বন্দুক, ৩ রাউন্ড বুলেট ও ১টি ছাকুসহ গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান র্যাব সদস্যরা।
আহত র্যাব সদস্যদের চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তিতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
নিহত মাদক কারবারী রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।