কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী’র মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের কালামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল রেল সড়কে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

নিহতরা হলেন- ঢাকার ধামরাই থানা এলাকার বাসিন্দা এনামুল (৩৫) ও তার স্ত্রী আফরোজা (৩২)।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের সরকারি উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈরের কালামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল রেল লাইনে ট্রেনে কাটা পড়ে ওই দম্পতির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।