ওয়াশিংটনে ১৫ দিনের জরুরি অবস্থা জারি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনের ক্যাপিটল হিলে অবস্থিত পার্লামেন্টে বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলা-সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন নিহত হওয়ার পর শহরটিতে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে।

হামল-সংঘর্ষের পর প্রাথমিকভাবে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত শহরে কারফিউ জারি করা হয়। এরপর ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার শহরে আরো ১৫ দিন জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।

তার নতুন ঘোষণা অনুযায়ী, ২১ জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত বলবৎ থাকবে জরুরি অবস্থা।

মিজ বাউসার বলেন, ‘অনেকেই অস্ত্রসহ এখানে এসেছেন সহিংসতা ও ধ্বংসযজ্ঞে অংশ নিতে।’

তারা অস্ত্রের পাশাপাশি রাসায়নিক, ইট এবং বোতলও নিক্ষেপ করেছেন বলেও জানান তিনি।

এদিকে জরুরি অবস্থার ঘোষণার ফলে ওয়াশিংটন ডিসির নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য কারফিউ দেওয়া, জরুরি পণ্য সরবরাহের বিশেষ ব্যবস্থা নেওয়াসহ নগর কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিতে পারবে বলে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে।

বুধবার দেশটির রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল হিলে অবস্থিত পার্লামেন্টের অধিবেশন চলাকালেই নজিরবিহীন তাণ্ডব চালায় ট্রাম্পের সমর্থকরা। ওই অধিবেশনে নবনির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেনের জয় অনুমোদনের প্রক্রিয়া চলছিল।

হামলা-সংঘর্ষের ঘটনায় ক্যাপিটল হিলের ভেতরেই এক নারী নিহত হন। পরে হাসপাতালে আরো তিনজন মারা যান। এখন পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।