গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে (পাইকার) আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
শনিবার দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়েছে।

আটকরা হল- চাঁদপুর সদরের শ্রীরামদী এলাকার সাগর হোসাইন (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার আমোদাবাদ এলাকার কানাই দাস (৪০)। তারা মাদকের পাইকারি ব্যবসায়ী হিসেবে পরিচিত।
র্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদে জানতে পারি গাঁজার একটি বড় চালান হবিগঞ্জ থেকে টঙ্গীতে যাচ্ছে। পরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ডিলারকে ২৫ কেজি গাঁজাসহ আটক এবং তাদের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। তারা মাদকের পাইকারি ব্যবসায়ী।