কালিয়াকৈরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ: পুলিশ কনস্টেবল নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রুবেল হোসেন (৩০) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঁশতলী-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন কালিয়াকৈরের সিনাবহ খন্দকার পাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, সম্প্রতি রুবেল ছুটিতে বাড়ি আসেন। বেলা সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কালিয়াকৈর বাজারে যাচ্ছিলেন রুবেল। পথে একটি অটোরিশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।