গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল চালক।
শনিবার (২০ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম মার্জিয়া আক্তার জান্নাত ওরফে আনিকা তাবাস্সুম (২৪)। তিনি পশ্চিম জয়দেবপুর এলাকার হাজী মাসুদ আলমের মেয়ে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের জোন-৬ এর (বাসন) উপ-সহকারী প্রকৌশলী।
জিএমপি’র বাসন থানার উপ পরিদর্শক (এসআই) আল আমিন ও স্থানীয়রা জানায়, আনিকা বন্ধুর মোটরসাইকেলে চড়ে অফিস থেকে বাসায় ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে ভোগড়া এলাকায় পৌছলে ঢাকাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে অনিকা মহাসড়কে ছিটকে পড়ে এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অনিকার বন্ধু মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল ইমরান আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। দূর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।