স্টিভ জবসের হাতে লেখা ‘চাকরির আবেদন’ ১ কোটি ৯০ লাখ টাকায় বিক্রি!

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ১৯৭৩ সালে করা স্টিভ জবসের হাতে লেখা একটি চাকরির আবেদন নিলামে বিক্রি হয়েছে। যুক্তরাজ্যের চার্টারফিল্ডসে নিলামে এর দাম উঠেছে ১ লাখ ৬২ হাজার পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় এর দাম পড়েছে ১ কোটি ৯০ লাখ টাকা।

গত ২৪ ফেব্রুয়ারি এ চিঠি নিলামে ওঠে এবং ২৪ মার্চ তার বিক্রি সম্পন্ন হয়। হাতে লেখা এক পাতার এ চাকরির আবেদনটি স্টিভ জবসের প্রথম দিককার একটি আবেদন। পোর্টল্যান্ডের রিড কলেজ থেকে ড্রপআউট করার পর এ আবেদন করেছিলেন জবস। ১৯৭৪ সালে আতারিতে টেকনিশিয়ান হিসেবে যোগ দেয়ার আগে এ আবেদন করেছিলেন তিনি।

আতারিতেই অ্যাপলের অপর এক সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের সঙ্গে পরিচিত হয়েছিলেন জবস। ১৯৭৬ সালে দুই বন্ধু মিলে জবসের নিজ গ্যারেজেই অ্যাপল প্রতিষ্ঠা করেছিলেন। মোটামুটি অক্ষত থাকা ওই চিঠিতে জবস তার দক্ষতার বিষয়গুলো তুলে ধরেছেন। কম্পিউটার ও ক্যালকুলেটর ব্যবহারে এবং ইলেকট্রনিক টেক বা ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষ দক্ষতার কথা উল্লেখ করেছেন তিনি। শিক্ষাগত যোগ্যতায় তার পঠিত বিষয়ের মধ্যে ইংরেজি সাহিত্যের কথাও উল্লেখ করেছেন জবস। জবসের মৃত্যুর পর তার ব্যক্তিগত আরো অনেক সামগ্রী বড় অংকে নিলামে বিক্রি হয়েছে।

জবস স্বাক্ষরিত ফ্লপি ডিস্ক ও নিউজউইক ম্যাগাজিন যথাক্রমে বিক্রি হয়েছে ৮৪ হাজার ১১৫ ডলার ও ৫০ হাজার ডলার।