কালীগঞ্জে মাস্ক পরাতে আবার ‘কড়া অবস্থানে’ ইউএনও: মাস্ক বিতরণ ও জরিমানা আদায়

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার মাস্ক ব্যবহারে ‘কড়া অবস্থান’ নিয়েছে সরকার। এরইমধ্যে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। সারা দেশে আবারো মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।

এরই অংশ হিসেবে সোমবার (২৯ মার্চ) করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক।

মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার দায়ে ‘সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮’ অনুযায়ী তিন জনকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কালীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার দায়ে ‘মোটরযান আইন’ অনুযায়ী একজনকে ৪’শ টাকা জরিমানা এবং কালীগঞ্জ বাজারের দুইটি মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ‘ভোক্তা অধিকার আইন’ অনুযায়ী ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

‘ভোক্তা অধিকার আইন’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ইউএনও।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক বলেন, ”মাস্ক ব্যবহারে এখন ঢিলেঢালা ভাব এসে গেছে। অন্যদিকে করোনা সংক্রমণ আবার বাড়ছে। এই প্রেক্ষাপটে মাস্ক ব্যবহারে আগের নির্দেশনাগুলোই কঠোরভাবে পালনের নির্দেশ দেয়া হয়েছে।’

তিনি জানান, ‘কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক না পরে বাড়ির বাহিরে অবস্থান করা লোকজনকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক তাদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়াও মাস্ক ব্যবহার না করার কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

 

আরো জানতে…..

কালীগঞ্জে স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে ‘মাস্ক বিতরণ’ করেছে ইউএনও