ডিজিটাল নিরাপত্তা আইনে রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে বাসন থানায় আরেকটি মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর (২৭) বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের করেছে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি।

রোববার (১০ এপ্রিল) সকালে অভিযোগ দায়ের করলে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

বাদী মো. মোস্তাফিজুর রহমান গাজীপুরের টেকনাগপাড়া এলাকার বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটনের বাসনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় মাদানীর বিরুদ্ধে মারাত্মক মিথ্যা, ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদানী গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের মারকাজুল নূর আল ইসলামিয়া মাদ্রাসায় বসে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেন। এছাড়া কয়েকজন বক্তা ওয়াজ মাহফিলের নামে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন, তাদের অন্যতম রফিকুল। তার বক্তব্য সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া সহিংসতার পেছনে অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করেছে।

উল্লেখ্য: গত ৭ এপ্রিল নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের বাড়ি থেকে বুধবার সকালে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র‍্যাব। পরদিন র‍্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এরপর প্রথমে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে গাজীপুর জেলা করাগারে এবং  শনিবার (১০ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে র‍্যাব-পুলিশের কড়া প্রহরায় তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়।