গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলে এক পোশাক শ্রমিকে (১৯) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) সকালে ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা জিএমপি’র পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) সাবিকুন নাহার জান্নাত।
অভিযুক্ত লম্পট সোহেল (৩৩)। সে পূবাইল থানার তালটিয়া চেয়ারম্যান বাড়ি চান্দের আটি এলাকার জয়নালের ছেলে। পেশায় প্রাইভেটকার চালক।
ভুক্তভোগী ওই নারী স্বামীসহ মীরের বাজার এলাকায় ভাড়া বাসায় থাকে। সে স্থানীয় একটি পোশাক কারখানায় হেলপার হিসেবে চাকরি করে।
মামলার এজাহারে সূত্রে জানা যায়, “ভুক্তভোগী গত ২২ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ৯ টার দিকে অফিস ছুটির পর বাসায় ফেরার পথে তালটিয়া রানা পাম্পের কাছে যায়। সে সময় অভিযুক্ত সোহেল তাকে বাসায় পৌছেঁ দেয়ার কথা বলে তার প্রাইভেটকার উঠিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত ১০ টার দিকে ভুক্তভোগীর ভাড়া বাসার পাশে পরিত্যক্ত বাথরুমে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয় ধর্ষক। ধর্ষক সোহেল ভুক্তভোগীর পূর্বপরিচিত।”
মামলার তদন্ত কর্মকর্তা পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) সাবিকুন নাহার জান্নাত বলেন, “ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছে {মামলা নাম্বার ১৬(৪)২১}। ঘটনার পর থেকে আসামি পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”