গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের টেকনগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৩টার দিকে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফাতেমা আক্তার ((২৩) চাঁদপুরের হাইমচর থানার ছোট লক্ষ্মীপুরের আব্দুর রহিমের স্ত্রী এবং তার শাশুড়ি একই এলাকার আবুল বেপারীর স্ত্রী মহিমা বেগম (৫০)। তারা মহানগরের সালনা এলাকা বসবাস করতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বউ-শাশুড়ি চান্দনা চৌরাস্তা এলাকা থেকে কেনাকাটা করে অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে মহানগরীর টেকনগপাড়া বিআরটিসি বাস ডিপোর সামনে ইউটার্ন নেওয়ার সময় বিপরীতগামী একটি বাস তাদের বহনকারী অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশায় থাকা বউ-শাশুড়ি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জিএমপি’র বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম মাসুদ সংবাদ মাধ্যমকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত দু’জনে সম্পর্কে বউ ও শাশুড়ি।