গাজীপুর কণ্ঠ ডেস্ক : আজ ৭ মে শুক্রবার, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৭তম শাহাদাৎ বার্ষিকী।
এ উপলক্ষে গাজীপুর ও ঢাকায় স্বাস্থ্যবিধি মেনে স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে মিলাদ ও দোয়া মাহফিল , ইফতার ও তবারক বিতরণ, স্মরণ সভা এবং স্মরণিকা প্রকাশ।
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ প্রয়াতের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে একটি স্মরণিকা ও সংবাদপত্রে বিশেষ নিবন্ধসহ সংখ্যা প্রকাশ করেছে।
এই উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ), গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে), ভাওয়াল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ভাওয়াল আইডিয়াল একাডেমী, হায়দরাবাদ জনকল্যাণ সমিতি ও ভাওয়াল শিশু কিশোর ফোরামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান স্বাস্থ্য বিধি মেনে মরহুমের কবরে পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার (গাজীপুর- ২ গাজীপুর সদর – টঙ্গী) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে দু’বার সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দু-দফা পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য। তিনি জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) চেয়ারম্যান। এছাড়া শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজসেবামূলক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত ছিলেন।
২০০৪ সালের ৭ মে বিএনপি জোট সরকারের মদদপুষ্ট একদল সন্ত্রাসী নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।
সূত্র: বাসস