গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরীর কোনাবাড়ি থেকে মোটরসাইকেল চুরির দুই ঘন্টার মধ্যেই চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
বৃহস্পতিবার (৬ মে) রাত ১০টার দিকে রাজেন্দ্রপুর এলাকা থেকে মোটরসাইকেলসহ চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
এর দুই ঘন্টা আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোনাবাড়ি এলাকার রাজধানী হোটেলের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি করে পালিয়েছিলো চোরচক্রের সদস্যরা।
শুক্রবার (৭ মে) বিকেলে বিষয়টি জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) জাকির হাসান।
গ্রেপ্তার চোরচক্রের সদস্য আরাফাত (১৮)। সে কিশোরগঞ্জের কটিয়াদী থানার আনোয়ার হোসেনের ছেলে।
উদ্ধার হওয়া মোটরসাইকেল দুটির মধ্যে চুয়াডাঙ্গার ল-১১-০১৮০ এবং কিশোরগঞ্জ হ-১১-৫২৭১ নাম্বার প্লেট লাগানো রয়েছে। এর মধ্যে একটি চুরি পর উদ্ধার হওয়া এবং অপরটি চোরচক্রের ব্যবহৃত মোটরসাইকেল।
জিএমপি’র কোনাবাড়ি থানার উপপরিদর্শক(এসআই) শওকত ইমতিয়াজ বলেন, ”বৃহস্পতিবার রাত আটটার দিকে কোনাবাড়ি এলাকার রাজধানী হোটেল সামনে একটি লাল রঙের পালসার মোটরসাইকেল রেখে হোটেলে যায় মোটরসাইকেলের মালিক। এর কিছুক্ষণের মধ্যেই মোটসাইকেলটি নিয়ে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা। তাৎক্ষণিক বিষয়টি কোনাবাড়ি থানায় অবহিত করা হয়। এরপর গাজীপুর মেট্রোপলিটন এলাকার সড়কে থাকা সকল চেকপোস্টে বেতারবার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর দুই ঘন্টার মধ্যেই রাত দশটার দিকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাজেন্দ্রপুর এলাকায় থাকা পুলিশ চেকপোস্টে দায়িত্বরত সদর থানা পুলিশের বুদ্ধিমত্তায় চোরচক্রের এক সদস্যকে আটক করতে সক্ষম হয়। সে সময় চোরাই মোটরসাইকেলটি এবং তাদের (চক্রের) ব্যবহৃত একটি বাজাজ ডিস্কোভার মোটরসাইকেল ফেলে চক্রের অন্য তিন সদস্য পালিয়ে যায়।”
তিনি আরো বলেন, ”চক্রটি কিশোরগঞ্জ থেকে গাজীপুরে এসে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।”
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) জাকির হাসান বলেন, ”জিএমপি’র সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের এক সদস্যকে বৃহস্পতিবার রাত দশটার দিকে রাজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। চোরাই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের আরো তিন সদস্য পালিয়ে যায়।”
তিনি আরো জানান, ”কোনাবাড়ি এলাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে। পালিয়ে যাওয়া চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”