কালীগঞ্জে সরকারি জমিতে ‘স্থায়ী স্থাপনা’ নির্মাণের চেষ্টা, উচ্ছেদ করলো এসিল্যান্ড
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের ভাদার্ত্তী এলাকায় সরকারি খাস জমিতে ‘স্থায়ী স্থাপনা’ নির্মাণের চেষ্টা করে ব্যর্থ হয়েছে এক দখলদার।
বুধবার (২৬ মে) বিকেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে নির্মিত ওই স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভাদার্ত্তীর পুরাতন সাব-রেজিষ্ট্রি অফিস এলাকায় থাকা সোম মৌজায় ১ নং খতিয়ান ভুক্ত সরকারি জমিতে একটি দোকান ঘর ভেঙ্গে সম্প্রতি গভীর রাতে ‘স্থায়ী স্থাপনা’ নির্মাণের কাজ শুরু করে ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে দখলদার হাবীবউল্লাহ সরকারসহ তার লোকজন। এমন সংবাদে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি জমিতে নির্মিত আধাপাকা একটি টিনসেট স্থাপনা গুড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার।
কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার বলেন, ”ভাদার্ত্তী এলাকায় সরকারি খাস জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টা করছিল একটি চক্র। এমন সংবাদ পেয়ে বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে নির্মিত ওই স্থাপনা গুড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।”



