কালীগঞ্জে কঠোর বিধি-নিষেধ অমান্য করায় প্রায় ১৪ হাজার টাকা জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের বিভিন্ন এলাকায় কঠোর বিধি-নিষেধ অমান্য করার দায়ে ১৮ জনকে মোট ১৩ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২৫ জুলাই) সকাল থেকে রাত অবধি মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে জন্য রোববার সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিকের নেতৃত্বে পুলিশ ও আনসার ব্যাটেলিয়নের সহযোগিতায় কালীগঞ্জ বাজার, পৌরসভার বিভিন্ন এলাকা, তুমুলিয়া ইউনিয়নের ভাদার্ত্তী গ্রাম, সোম বাজার, বঙ্গবন্ধু বাজার, বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রাম, বাশাইর বাজার, জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার, চান্দেরবাগ বাজার, নারগানা বাজার, মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজার, চরসিন্দুর ব্রীজ ও সংলগ্ন এলাকা, মৈশার গ্রাম, একুতা গ্রাম, জাঙ্গালীয়া ইউনিয়নের আওড়াখালী বাজার, বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর বাজার, আলাউদ্দির টেক বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক বলেন, কঠোর বিধি-নিষেধ থাকা সত্বেও অপ্রয়োজনে ঘরের বাইরে ঘোরাফেরা ও মাস্ক ব্যবহার না করা এবং দোকান খোলা রাখার দায়ে ১৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে “সংক্রামক রোগ (প্র্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন” অনুযায়ী ১৮ জনকে মোট ১৩ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দুস্থ রিক্সাওয়ালা, চা বিক্রেতা ও ভিক্ষুকদেরকে কঠোর বিধি-নিষেধ মেনে ঘরে অবস্থানের জন্য উৎসাহিত করতে মাস্ক বিতরণ করা হয়েছে।



