গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোখলেছুর রহমান (৩২) নামে এক ব্যবসায়ী খুন হয়েছে। এ ঘটনায় রুবেল (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বুধবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে দোকানের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত মোখলেছুর রহমান ময়মনসিংহের ভালুকা থানার জামিরাপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় জমি কিনে বসবাস করে আসছিল।
আটক রুবেল ঝালকাঠির রাজাপুর থানার নৈহাটি এলাকার শামসুল হকের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বেড়াইদের চালা লিচু বাগান এলাকায় জাহাঙ্গীর সুপার মার্কেটে মুদি দোকান রয়েছে মোখলেছুর রহমানের। সকালে মোখলেছুর রহমান তার মুদি দোকানে যায়। একপর্যায়ে বেলা ১১টার দিকে রুবেল ওই দোকানে গিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় মোখলেছুর বাঁধা দিলে রুবেল ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মোখলেছুরের মৃত্যু হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।