গাজীপুরে একদিনে সর্বোচ্চ ৪০৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু আরও ২ জনের
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। এ সময়ে ৫৮৭ জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ৪০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। অপরদিকে এ সময়ে মৃত্যু হয়েছে আরো ২ জনের।
রোববার (১ আগস্ট) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসেব অনুযায়ী শতকরা ৬৮ দশমিক ৯৯ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, ”গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৪০৫ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২জনের।”
”এ পর্যন্ত গাজীপুরের মোট ১ লাখ ৫ হাজার ৪৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৮ হাজার ৭৪৭ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ৩৩২ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৭৫৩ জন।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ১৯০ জন, শ্রীপুরে ১১০ জন, কাপাসিয়ায় ৬৮ জন, কালিয়াকৈরে ১৯ জন এবং কালীগঞ্জে ১৮ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ১১ হাজার ৫০৯ জন। এছাড়াও শ্রীপুরে ২৪২২ জন, কালিয়াকৈরে ১৯১৪ জন, কাপাসিয়ায় ১৫৩০ জন এবং কালীগঞ্জে ১৩৭২ জন।”



