কালীগঞ্জে লোকসমাগম করে বাল্য বিয়ের প্রস্তুতি: মোবাইল কোর্টে জরিমানা আদায়
গাজীপুর কণ্ঠ ডেস্ক : সরকার ঘোষিত চলমান কঠোর বিধি-নিষেধের মধ্যে কালীগঞ্জে লোকসমাগম করে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়ের(১৬) বিয়ের দিনক্ষণ নির্ধারণ করতে বর পক্ষকে নিমন্ত্রণ করেন কনের পিত্রালয়ে।
নিমন্ত্রণ গ্রহণ করে কনের পিত্রালয়ে উপস্থিত হয় বর পক্ষ। দুই পক্ষের লোকসমাগমে চলছিল উৎসব। আয়োজন হয়েছিল প্রীতিভোজের। হঠাৎ থেমে গেল বাড়ির কোলাহল।
বাল্যবিয়ে বন্ধে ঘটনাস্থলে হাজির হলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।
ঘটনার সত্যতা পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের পিতাকে ২০ হাজার টাকা জরিমানা এবং উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে অনুষ্ঠান পন্ড করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (৬ আগস্ট) দুপুরে জামালপুর ইউনিয়নের চান্দের বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
জরিমানা দিয়েছেন ওই এলাকার মাখন মোড়ল। তিনি অপ্রাপ্ত বয়স্ক মেয়ের পিতা। মেয়ে “জামালপুর আর এম বিদ্যাপিঠ” উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
অভিযুক্ত বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে রনি(২৪)। তিনি নরসিংদীতে চাকুরি করে।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার বলেন, সরকার ঘোষিত চলমান কঠোর বিধি-নিষেধ অমান্য করে বাড়ির বাহিরে থেকে গেইট বন্ধ করে ভেতরে প্রায় ২০-৩০ জন একত্রিত হয়ে লোকসমাগম করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টা এবং বিয়ে করাতে সম্মত হওয়ায় উভয় পক্ষের লোকজনের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। তারা ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।



