কালীগঞ্জে বিলের পানিতে ভেসে উঠলো বৃদ্ধার লাশ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে নিখোঁজের একদিন পর বিলের পানিতে ভেসে উঠে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার লাশ।
পরে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জাঙ্গালীয়ার বৌন্না এলাকার একটি বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত বৃদ্ধা জাঙ্গালীয়ার বৌন্না গ্রামের মৃত যোগেন্দ্র পালের স্ত্রী উষা রানী পাল (৬০)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য সৈয়দ আহমদ কবীর ও নিহতের স্বজনরা বলেন, মানসিক ভারসাম্যহীন উষা রানী পাল সোমবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে বিভিন্ন এলাকায় দিনভর খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে বিলের পানিতে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে দুপুর ২টার দিকে বিলের পানি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এরপর লাশটি উষা রানী পালের বলে শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে উষা রানী পাল বিলে নেমে পানিতে তলিয়ে গিয়ে ডুবে মারা গেছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, খবর পেয়ে দুপুর ২টার দিকে বিলের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।



