আবুল কাসেম শিখদার : অধ্যাপক ডা.সরকার মো. নোমান (ডিন, এসএসটি, বাউবি)। শিক্ষক এবং চিকিৎসক। ডিন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। দূর শিক্ষণ বিশেষজ্ঞ, জনস্বাস্হ্য পরামর্শক। উদ্ভাবনী কৌশলী। নিবেদিত প্রাণ শিক্ষাবিদ। শিক্ষক নেতা।
সর্বদাই হাসিমুখ। প্রফুল্ল চিত্ত। শিক্ষার্থী বান্ধব। সহকর্মী অন্বিষ্ট এক মহৎপ্রাণ মানব। শিক্ষার আলোয় তিমির বিদারী চিরতরুণ। দরদীয়া এক মরমীয়া জন। সুজন।
২৫ বছর এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় সংযুক্ত থেকে তিলতিল চেষ্টায় অন্য সহযোগী শিক্ষকদের নিয়ে দূর শিক্ষণে পেশাভিত্তিক শিক্ষা প্রোগ্রাম চালু করে তা নিয়েই শিক্ষা নিমগ্ন রয়েছেন।
নিজের দিকে খুব কমই খেয়াল করেন এই জ্ঞান মনীষা তাপস। মহিমান্বিত এই মানুষটির জন্য সকলের অসীম মায়া। আমি যতই তাঁকে দেখি ততই বিমুগ্ধ হই। থমকে যাই।কী করে সম্ভব! সপ্তাহে দু’দিন কিডনী ডায়ালিসিস করেন। নিয়মিত অফিস কাজ গবেষণা মিটিং কাউন্সিলিং পেশাগত দায়িত্ব পালন। ভেতরের দহনটুকু কেউ জানে না। কষ্টের নীল দংশনে তিনি পর্যুদস্ত কিনা কেউ যাতে না বুঝে তা লুকিয়ে রাখেন। লুকানো বিষাদটুকু মিষ্টি হাসির মধ্যে প্রচ্ছন্ন থাকে।
ডা.নোমান আমরা সকলেই আপনাকে খুব ভালোবাসি।
আপনার এই সজীবতা এই অপরিমেয় ত্যাগ শিক্ষা জগতে এক বিরল দৃষ্টান্ত। শ্রদ্ধা অপরিসীম।
ভালো থাকুন। প্রাণভরে আপনার সু স্বাস্হ্যের জন্য পরম প্রতিপালকের নিকট প্রার্থনা করি।

লেখক: মোঃ আবুল কাসেম শিখদার, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক।