কালীগঞ্জে করোনার টিকা নিতে বের হয়ে লাশ হলেন বৃদ্ধা, লাশ মিললো শীতলক্ষ্যায়!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে করোনার ভ্যাকসিন নিতে বাড়ি থেকে বের হয়ে লাশ হলেন মায়া গমেজ (৬০) নামে এক বৃদ্ধা।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করেছে নৌ-পুলিশ।
নিহত মায়া গমেজ বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া এলাকার মৃত অন্তনী কস্তার স্ত্রী।
স্থানীয় বলেন, বেলাই বিল থেকে মিশন-বোয়ালী-ভাদার্ত্তী এলাকা হয়ে শীতলক্ষ্যা নদীতে মিলিত হওয়া খালের পানিতে দুপুর সাড়ে বারোটার দিকে অজ্ঞাত এক নারীর ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পানির স্রোতের সাথে লাশটি ভাসতে ভাসতে একপর্যায়ে সোমবাজার এলাকায় গিয়ে শীতলক্ষ্যা নদীতে ভাসতে থাকে। পরে বিকেলে কালীগঞ্জ থানা পুলিশের সহায়তায় নৌ-পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করোনার ভ্যাকসিন নেয়ার উদ্দেশ্য সকাল দশটার দিকে মায়া গমেজ বাড়ি থেকে বের হয়। সারাদিন আর বাড়ি ফিরেনি। শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধারের খবর পেয়ে রাতে নিহতের ছেলে লাকী কস্তা থানায় গিয়ে উদ্ধার হওয়া লাশটি মায়া গমেজের বলে শনাক্ত করা করেছে।
নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের মাধবদী ভঙ্গাচর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে শীতলক্ষ্যা নদীতে ভাসতে থাকা অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, রাতে নিহতের ছেলে লাকী কস্তা লাশটি তার মা মায়া গমেজের বলে শনাক্ত করা করেছে। মায়া গমেজ করোনার ভ্যাকসিন দেয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়েছিল।
নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই সাইফুল ইসলাম।



