প্রেসক্লাবে রাজনৈতিক কর্মসূচি বন্ধ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ।

বুধবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মঈনুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বুধবার ব্যবস্থাপনা কমিটির সভায় গত ১০ অক্টোবর প্রেসক্লাব প্রাঙ্গণে সংগঠিত বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত ঘটনাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বলা হয়, কমিটি ক্লাব ও সদস্যদের স্বার্থে ক্লাবে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখতে বদ্ধপরিকর। যে কোনো মূল্যে ক্লাবের স্বার্থ, মর্যাদা সমুন্নত রাখা হবে। ক্লাবের বিভিন্ন হল ও মিলনায়তন ভাড়া দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলি ও শর্ত আবশ্যিকভাবে পালন করা হবে।

এছাড়া আলোচনা সভা, সেমিনারের নামে কোনো দলের রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ করতে দেওয়া হবে না। সভায় জেহাদ স্মৃতি পরিষদ, জিয়া পরিষদসহ যে কোনো দলের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি ভবিষ্যতে বন্ধ থাকবে বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোপূর্বে এসব সংগঠনের কর্মসূচির ফলে ক্লাবে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটে। যার ফলে ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হচ্ছে এবং সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

এ বিষয়ে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য প্রোগ্রামগুলো চলবে। যেহেতু প্রেসক্লাব একটি ছোট জায়গা, সেহেতু অনেক মানুষের ভিড় হলে একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। তাই এই ধরনের রাজনৈতিক কর্মসূচিগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

 

সূত্র: বাংলানিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button