পদোন্নতি পেয়ে সচিব হলেন ঢাকার বিভাগীয় কমিশনার খলিলুর রহমান
গাজীপুর কণ্ঠ ডেস্ক : অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হলেন ঢাকার বিভাগীয় কমিশনার খলিলুর রহমানসহ ছয় কর্মকর্তা। একই সঙ্গে ছয় মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ দুটি পৃথক সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
ছয়টি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে তিনটি সংস্থায় সচিবের পদমর্যাদায় তিন জন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।
জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিলুর রহমান।
এছাড়াও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামান।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী এনামুল হাসান। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
একইসঙ্গে সচিবের পদমর্যাদায় তিন জন কর্মকর্তাকে সরকারের তিনটি সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তাদের মধ্যে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোলেমান খানকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. আফজাল হোসেন।
উল্লেখ্য: বিসিএস ১১ তম ব্যাচের কর্মকর্তা খলিলুর রহমান (অতিরিক্ত সচিব) ২০২০ সালের ৩১ ডিসেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেছিলেন।



