গাজীপুরে সৌখিন পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে দু’জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে পাশ কাটাতে (ওভারটেক) গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সৌখিন পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

সোমবার (১ নভেম্বর) বেলা সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন নুসরাত জাহান কনা (২২)। তিনি শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। কনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্য বাসে উঠেছিলেন। অপর আরেকজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মাওনা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাদিউল ইসলাম বলেন, “ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে বেপরোয়া গতিতে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাস যাত্রী কনা ও অজ্ঞাত পরিচয় এক পথচারী নিহত হন। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button