মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত, ৩ সদস্যের প্যানেল মেয়র গঠন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এরই মধ্যে গাজীপুর সিটির জন্য তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সচিবালয়ের এক সংবাদ সম্মেল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তাজুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। আপাতত সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
অভিযোগগুলো সম্পর্কে বিস্তারিত বলতে না চাইলেও মন্ত্রী জানান, জনগণের স্বার্থ পরিপন্থি কাজ, ক্ষমতার অপব্যাবহার, সরকারি সম্পদ আত্মসাতের মত অভিযোগ রয়েছে এর মধ্যে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন অনুবিভাগ) মুস্তাকীম বিল্লাহ ফারুকীর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি বিষয়গুলো তদন্ত করছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী।
মন্ত্রী বলেন, মেয়রকে সাময়িকভাবে বরখাস্তের বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করে ভারপ্রাপ্ত মেয়র হিসেকে কাউকে দায়িত্ব দেওয়া হবে।
আইন অনুযায়ী সিটি করপোরেশন গঠনের পর প্রথম বৈঠকেই প্যানেল মেয়র গঠন করতে হয়। কিন্তু গাজীপুর সিটি করপোরেশনে সেটি করা হয়নি। এ ক্ষেত্রে প্রয়োজনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্যানেল মেয়র গঠনের বিধান রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, এ কারণেই তথ্য-উপাত্ত নিয়ে মন্ত্রণালয় থেকে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করে দেওয়া হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের জন্য। প্যানেল মেয়রের জ্যেষ্ঠ সদস্য মেয়রের দায়িত্ব থাকবেন।



