এসআইয়ের ‘বিশেষ অঙ্গ’ কেটে দিলেন স্ত্রী!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজশাহীতে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল চারটার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় এসআই ইফতেখার আল-আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জরুরী বিভাগ থেকে প্রথমে তাকে দুই নম্বর ওয়ার্ডে দেওয়া হয়েছিল। সন্ধ্যায় তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়।
এসআই ইফতেখার আল-আমিন নগরীর বোয়ালিয়া থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে এসআই ইফতেখার আল আমিনের স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে আটকও করা হয়েছে। পরে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ সংবাদ মাধ্যমকে বলেন, এসআইয়ের স্ত্রী রূপসী দেওয়ান অভিযোগ স্বীকার করেছেন। তিনিই বাড়ি থেকে স্বামীর বিশেষ অঙ্গের বিচ্ছিন্ন অংশটি বের করে দিয়েছেন। রূপসী বলেছেন, তাঁর স্বামী একজন জাদুকর। জাদু করে তিনি হাজারটা মেয়ের সঙ্গে প্রেম করেন। এ কথা বললে কেউ বিশ্বাস করত না। তাই ক্ষোভ থেকে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। ঘটনার সময় তাঁর স্বামী ঘুমাচ্ছিলেন।
রামেক হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক আহমেদ উল্লাহ সংবাদ মাধ্যমকে জানান, ধারালো কিছু দিয়ে এই পুলিশ কর্মকর্তার বিশেষ অঙ্গ দুই ভাগ করে দেওয়া হয়েছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।



