গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের পূবাইলে অজ্ঞাত গাড়ি চাপায় এইচএসসি পরীক্ষার্থী সাইদুল ইসলাম সরকার সৌরভ (১৯) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পূবাইল কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
সত্যতা নিশ্চিত করেছেন জিএমপি’র পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুর রহমান।
নিহত সাইদুল ইসলাম সরকার সৌরভ কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টিউরি সরকার বাড়ির সোহেল সরকারের ছেলে। সৌরভ তুমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক। সে পূবাইল সেন্ট্রাল কলেজর এইচএসসি পরীক্ষার্থী।

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান ও সৌরভের স্বজনরা বলেন, নিহত সাইদুল ইসলাম সরকার সৌরভ পূবাইল সেন্ট্রাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সে চলমান এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। সোমবার তার পরীক্ষা ছিলো। রোববার সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে পূবাইলের বাসুগাঁও এলাকায় তার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। রাতে তার মামার বাড়ি থেকে সোমবার পরীক্ষা দেয়ার কথা ছিল। রাত সাড়ে ৭টার দিকে পূবাইল কলেজ গেইট এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান বলেন, সাইদুল ইসলাম সরকার সৌরভ তুমুলিয়া ইউনিয়ন ছাত্রীলীগের উপপ্রচার সম্পাদক।
পূবাইল সেন্ট্রাল কলেজর অধ্যক্ষ মোল্লা মেহেদী হাসান রিয়াদ বলেন, সাইদুল ইসলাম সরকার সৌরভ পূবাইল সেন্ট্রাল কলেজের ব্যবসায় শিক্ষা (কমার্স) বিভাগের শিক্ষার্থী। সে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইতিমধ্যে হিসাব বিজ্ঞান ১ম ও ২য় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র পরীক্ষা দিয়েছে। সোমবার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র পরীক্ষা ছিলো সৌরভের।
জিএমপি’র পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুর রহমান বলেন, রোববার সন্ধ্যায় সাইদুল ইসলাম সরকার সৌরভ মোটরসাইকেল চালিয়ে কালীগঞ্জ থেকে পূবাইল আসছিল। রাত সাড়ে ৭টার দিকে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের পূবাইল কলেজ গেইট এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।