প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছুরিকাঘাতে কলেজ ছাত্রীকে খুন

গাজীপুর কণ্ঠ : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মহানগরের কোনাবাড়ীতে ছুরিকাঘাতে শারমিন আক্তার লিজা (১৭) নামে এক কলেজ ছাত্রীকে খুন করছে এক তরুণ।

বুধবার দুপুরে কোনাবাড়ী কাঁচাবাজার এলাকায় লিংকন কলেজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক তরুণ মোস্তাকিন রহমান রাজুকে (১৮) গ্রেপ্তার করেছে।

নিহত শারমিন আক্তার লিজা কোনাবাড়ির আমবাগ এলাকার শফিকুল ইসলাম শফিকের মেয়ে। সে কোনাবাড়ি ক্যামব্রিজ কলেজের ছাত্রী ছিল। মোস্তাকিন রহমান রাজু একই এলাকার লিংকন মেমোরিয়াল কলেজের ছাত্র। সে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কলেজ থেকে পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল শারমিন। পথে দুপুর পৌনে ২টার দিকে লিংকন কলেজের পাশে পৌঁছালে তাকে প্রেমের প্রস্তাব দেন মুস্তাকিন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় লিজাকে ছুরিকাঘাত করেন মুস্তাকিন।  পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর স্থানীয়রা মোস্তাকিনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

জিএমপির কোনাবাড়ি থানার আবু সাইদ জানান, মোস্তাকিন রহমান রাজুকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।