কালীগঞ্জে ‘অনুমোদন বিহীন’ বালু ভরাট, দারাজকে পূণরায় জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : হাইকোর্টের স্থিতি অবস্থা জারি করা সত্বেও কালীগঞ্জের নাগরী ইউনিয়নের পাওরান এলাকায় অনুমোদন বিহীন জমির শ্রেণী পরিবর্তনের উদ্দেশ্যে উন্মুক্ত জলাশয় ও নিচু জমিতে বালু ভরাট করার দায়ে দারাজ বাংলাদেশ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৫ জানুয়ারি) মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।

এর আগে ২০২০ সালের ১১ নভেম্বর (বুধবার) একই অপরাধে দারাজ বাংলাদেশ লিমিটেডকে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জের নাগরী ইউনিয়নের পাওরান এলাকায় ‘অনুমোদন বিহীন’ উন্মুক্ত জলাশয় ও নিচু জমির চারদিকে টিন দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে ‘দারাজ বাংলাদেশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান। পরে নদী পথে বালু সংগ্রহ করে ড্রেজার মেশিন বসিয়ে পাইপ লাইনের মাধ্যমে ওই জমিতে বালু ভরাট করে জমির শ্রেণী পরিবর্তন করেছিল দারাজ বাংলাদেশ লিমিটেড। বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার বলেন, “নাগরী ইউনিয়নের পাওরান এলাকায় ‘অনুমোদন বিহীন’ উন্মুক্ত জলাশয় ও নিচু জমিতে বালু ভরাট ও বালু পরিবহনের দায়ে ‘দারাজ বাংলাদেশ লিমিটেড’কে মোবাইল কোর্টের মাধ্যমে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বালু ভরাটের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন বন্ধ করে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ কেটে দেয়া হয়েছে।”

উল্লেখ্য: ২০১৮ সালের ১২ নভেম্বর দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে কালীগঞ্জের বিভিন্ন এলাকার ১৬টি হাউজিং কোম্পানি কর্তৃক জলাশয় ও নিচু জমি ভরাটের উপর স্থিতিবস্থা দেন হাইকোর্ট। আদালত আদেশের পাশাপাশি রুলও জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাড. মনজিল মোরসেদ। ২০১৯ সালের ২৭ জানুয়ারি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হাউজিং কোম্পানির অবৈধ দখল ও মাটি ভরাট কার্যক্রমের উপর স্থিতাবস্থা জারি করেন।

 

এ সংক্রান্ত আরো জানতে…………..

কালীগঞ্জের উলুখোলায় ‘অনুমোদন বিহীন’ বালু ভরাট, এক লাখ টাকা জরিমানা

ব্যক্তি মালিকানাধীন পুকুরও ভরাট করা নিষিদ্ধ: হাইকোর্ট

কালীগঞ্জে ২৪টি হাউজিং কোম্পানির কার্যক্রমে হাইকোর্টের স্থিতাবস্থা জারি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button