জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের ‍মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, সাবেক সচিব এ এস এম আলী কবীর মারা গেছেন।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১০ জানুয়ারি) রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০ বছর।

আলী কবীরের ব্যক্তিগত সহকারী সাকিব মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেন, “স্যার অনেক দিন ধরে ফুসফুসে নানা সমস্যায় ভুগছিলেন, দীর্ঘদিনে ধরেই চিকিৎসা চলছিল।”

নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ের মসজিদে আলী কবীরের জানাজা হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার তাতে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারী আলী কবীর মির্জাপুর ক্যাডেট কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে চাকরি করেন পেশাজীবনের শুরুতে। কিছু দিন বাংলাদেশ ব্যাংকেও তিনি চাকরি করেন।

আলী কবীর পরে সরকারি চাকরিতে যোগ দেন। জনপ্রশাসন ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালে তিনি অবসরে যান। গতবছর ১২ জানুয়ারি থেকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন আলী কবীর।

ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার পাওয়া আলী কবীর বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। তার লেখা কবিতা, ছোট গল্প ও প্রবন্ধের বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button