কালীগঞ্জে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতার অফিসে হামলা ও ভাঙচুর, তিন নেতা আহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের খলাপাড়া এলাকায় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় যুবলীগের তিন নেতা আহত হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

অভিযোগে ৫ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা উশৃঙ্খল, বখাটে ও মাদকাসক্ত বলেও অভিযোগ উল্লেখ করা হয়েছে।

আহতরা হলো: বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, বাহাদুরসাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি খোকন মিয়া এবং ৪ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি আক্তার হোসেন।

অভিযুক্তরা হলো: খলপাড়া এলাকার মঞ্জুরের ছেলে ফয়সাল (২৭), বাদলের ছেলে হৃদয় (২৮) ও তনু (২০), জয়নালের ছেলে নাঈম (২২) ও বাচ্চু মিয়ার ছেলে রামিন (২০)। এছাড়াও অজ্ঞাত আরও তিন-চারজন।

থানায় দায়ের করা অভিযোগ ও দলীয় সূত্রে জানা গেছে, খালপাড়া এলাকায় এমিগো বাংলাদেশ লিমিটেড (এবিএল) গেইটের সামনে বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল শেখের রাজনৈতিক অফিস রয়েছে। ওই অফিস রাজনৈতিক ও ঠিকাদারী ব্যবসা পরিচালনার কাজে ব্যবহার করা হয়। বুধবার সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত ওই অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। সে সময় অফিসে থাকা কয়েকজনকে মারধর করে। এতে যুবলীগের তিন নেতা আহত হয়েছে। এরপর অভিযুক্তরা পাশেই থাকা কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী ফরহাদের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তারা কাজী ফরহাদকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল শেখ বলেন, হামলাকারীরা উশৃঙ্খল, বখাটে ও মাদকাসক্ত। তারা নেশাগস্ত অবস্থায় বুধবার সন্ধ্যায় এসে আমার অফিসে হামলা চালায় এবং যুবলীগের তিন নেতাকে পিটিয়ে আহত করেছে। পরবর্তীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের অফিসে গিয়েও হামলা করে অভিযুক্তরা।

কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী ফরাহাদ বলেন, হামলার ঘটনায় আমি বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছি। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে গেছেন।

বৃহস্পতিবার রাত দশটার দিকে কালীগঞ্জ থানায় কর্তব্যরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, হামলার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button