কালীগঞ্জে ইউএনও’র মোবাইল নম্বর ‘ক্লোন’ করে ব্যবসায়ীদের ফোন করে টাকা দাবি!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসসাদিকজামানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে প্রতারক চক্র।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের দালান বাজারের কয়েকজন ব্যবসায়ীর মোবাইলে ফোন করে প্রতারক চক্রটি টাকা দাবি করে।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম বলেন, ‘শনিবার দুপুরে প্রথমে ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আজিম উদ্দিনের মোবাইল নম্বরে ইউএনও স্যারের মোবাইল নম্বর থেকে ফোন করে দালান বাজারের মিষ্টি ব্যবসায়ীদের মোবাইল নম্বর সংগ্রহ করে দিতে বলেন। পরে গ্রাম পুলিশ আজিম উদ্দিন ৬ জন ব্যবসায়ীর মোবাইল নম্বর সংগ্রহ করে দেন। এরপর বিকেলে ওই ব্যবসায়ীদের মোবাইল নম্বরে ফোন করে ইউএনও স্যারের পরিচয়ে ৫০ হাজার করে টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ব্যবসায়ীরা স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে জানায়। পরে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ আমাকে টাকা দাবির ঘটনাটি বলেন এবং ওই মোবাইল নম্বর দেন। তাৎক্ষণিক আমি ইউএনও স্যারকে বিষয়টি অবহিত করলে জানতে পারি এটি একটি প্রতারক চক্র ছিল।’

২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আজিম উদ্দিন বলেন, দুপুর দেড়টার দিকে আমার মোবাইল নম্বরে ইউএনও স্যারের পরিচয়ে ফোন করে দালান বাজারের মিষ্টি ব্যবসায়ীদের মোবাইল নম্বর সংগ্রহ করে দিতে বলেন। পরে আমি ৬ জন ব্যবসায়ীর মোবাইল নম্বর সংগ্রহ করে দেই। বিকেলে বাজারের কয়েকজন মিষ্টি ব্যবসায়ী বলেন ইউএনও স্যারের পরিচয়ে তাদের মোবাইলে ফোন দিয়ে ৫০ হাজার করে টাকা দাবি করেছে। পরে তাৎক্ষণিক আমি বিষয়টি চেয়ারম্যান জানাই। এরপর জানতে পারি এটি প্রতারক চক্রের কাজ।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসসাদিকজামান সাংবাদিকদের জানান, ‘আমার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র জামালপুর ইউনিয়নের কয়েকজন ব্যবসায়ীর মোবাইলে ফোন করে টাকা দাবি করেছে বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে সকল দফাদার, মহল্লাদার, ওয়ার্ড মেম্বার এবং চেয়ারম্যানকে সতর্ক থাকার অনুরোধ করছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button