বিপিএম-সেবা পদক পেলেন জিএমপি’র কমিশনার খন্দকার লুৎফুল কবির
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ২০২১ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম)।
রোববার (২৩ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত ‘পুলিশ সপ্তাহ-২০২১’ এর প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবিরের হাতে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ তুলে দেন এবং ব্যাজ পরিয়ে দেন।
এছাড়াও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা’ পেয়েছেন শিল্পাঞ্চল পুলিশ-২ গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন আহম্মদ।
অপরদিকে ২০২০ সালের সালের ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা’ পেয়েছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) গাজীপুর মেট্রো শাখার পরিদর্শক রেজাউল করিম এবং ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন জিএমপি সদর থনার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।
এর আগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে রৌদ্রজ্জ্বল শীতের সকালে বর্ণাঢ্য আয়োজন, বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে এবারের পুলিশ সপ্তাহ ২০২২ শুরু হয়েছে।
পাঁচ দিনব্যাপী (২৩-২৭ জানুয়ারি, ২০২২) পুলিশ সপ্তাহের প্রথম দিন সকাল দশটায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২২ শুভ উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেডে ভার্চুয়ালি উপস্থিত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।
বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন গাজীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমাডেন্ট (পুলিশ সুপার) মোঃ ছালেহ উদ্দিন। তাঁর নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেডে অংশ নেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে ২০২০ সালে ১১৫ জন এবং ২০২১ সালে ১১৫ জনসহ মোট ২৩০ পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়। পদকের মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা। উল্লেখ্য, করোনার কারণে ২০২১ সালে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত না হওয়ায় এ বছর ২০২০ ও ২০২১ সালের পদক একসাথে দেওয়া হয়।
উল্লেখ্য: ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে যোগদান করেছেন খন্দকার লুৎফুল কবির। এর আগে ১৬ সেপ্টেম্বর (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে খন্দকার লুৎফুল কবিরকে নিয়োগ দেওয়া হয়।
খন্দকার লুৎফুল কবির ২০১৯ সালের ১১ এপ্রিল থেকে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, খন্দকার লুৎফুল কবির বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস ১৫ তম ব্যাচ) পরীক্ষার মাধ্যমে ১৯৯৫ সালে পুলিশ ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
পরবর্তীতে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জ সদর এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার ডিএসবিতে দায়িত্ব পালন করেছেন।
সহকারী পরিচালক হিসেবে পুলিশ স্টাফ কলেজে এবং এএসপি হিসেবে লক্ষীপুর, নারায়নগঞ্জ ও নেত্রকোনা জেলায় সার্কেলের দায়িত্ব পালন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতির পর তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুমিল্লায় দায়িত্ব পালন করেন।
এরপর পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হিসেবে ঝালকাঠি, খাগড়াছড়ি পার্বত্য জেলা, নোয়াখালী জেলায় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ও গুলশান বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতির পর তিনি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে পদোন্নতির পর অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ) কর্মরত ছিলেন।
এছাড়াও খন্দকার লুৎফুল কবিরকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কসোভো ও সাউথ সুদানে দায়িত্ব পালন করেছেন।
পুলিশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা পদক এবং আইজিপি এক্সপ্লোরারি গুড সার্ভিস (আইজিপি ব্যাজ) পদকে ভূষিত হয়েছেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
খন্দকার লুৎফুল কবির ১৯৬৯ সালের ১লা জানুয়ারী নরসিংদী পৌরসভার কান্দাপাড়া গ্রামের এক মুসলিম সমভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। খন্দকার লুৎফুল কবিরের পিতা মৃত খন্দকার হুমায়ুন কবির এবং মাতার নাম লুৎফা বেগম।
আরো জানতে………..
বিপিএম-সেবা পদক পাচ্ছেন জিএমপি’র কমিশনার খন্দকার লুৎফুল কবির
জিএমপি’র নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন খন্দকার লুৎফুল কবির
জিএমপি’র নতুন কমিশনার খন্দকার লুৎফুল কবির
জিএমপি কমিশনার আনোয়ার হোসেনকে রেঞ্জ ডিআইজি হিসেবে চট্টগ্রামে পদায়ন
জিএমপি’র নতুন কমিশনার ডিআইজি আনোয়ার হোসেন
গাজীপুর মেট্রোপলিটনে কমিশনার নিয়োগ



