ইউক্রেনে বড় আগ্রাসন চালাতে ৭০ ভাগ প্রস্তুত রাশিয়া

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে বড় ধরনের আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এ ধরনের হামলার জন্য যে সামরিক শক্তি প্রয়োজন তার ৭০ শতাংশ ইতোমধ্যে মোতায়েন করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পর্যালোচনা উদ্ধৃত করে দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সীমান্তে রাশিয়া এক লাখ ১০ হাজার সৈন্য জড়ো করেছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলেই আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছেন কিনা এ বিষয়ে মার্কিন গোয়েন্দা বিভাগ নিশ্চিত নয়।

তারা বলছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া যেভাবে সৈন্য সমাবেশ করছে তাতে করে মধ্য ফেব্রুয়ারি নাগাদ এ সংখ্যা প্রায় দেড় লাখে পৌঁছাবে। এতে করে রুশরা পূর্ণ মাত্রায় হামলা চালাতে পারবে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, রাশিয়া যদি পূর্ণ মাত্রার আগ্রাসন বেছে নেয় তাহলে তারা ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করতে পারবে।

এ ধরনের হামলায় ৫০ হাজার বেসামরিক লোক প্রাণ হারাতে পারেন। অন্য দেশে পালাতে চাইবেন হাজারো লোক। এ অবস্থা তৈরি হলে ইউরোপে শরণার্থী সংকট সৃষ্টি হবে।

এদিকে ইউক্রেনে কোনো ধরনের হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্র এ কথা মানতে নারাজ। রুশ আগ্রাসন থেকে দেশটিকে রক্ষায় পোল্যান্ডে সেনা মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল স্থানীয় শনিবার দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের রেজেসো সামরিক ঘাঁটিতে পৌঁছায় মার্কিন সেনারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সেনারা পোল্যান্ডের শহর জাসিওনকায় অস্থায়ী আবাসন প্রস্তুত করছে।

পোল্যান্ডের সামরিক সূত্র জানিয়েছে, ছোট একটি উড়োজাহাজে করে ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত সংলগ্ন ঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন সেনারা।

পোলিশ বাহিনীর একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী, মার্কিন বাহিনীর ৮২ তম এয়ারবর্ন ডিভিশন থেকে ব্রিগেড ব্যাটল গ্রুপের প্রথম ফোর্স পোল্যান্ডে পৌঁছেছে।