দেশ প্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে: সেমিনারে বক্তারা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে ‘উচ্চ মাধ্যমিকে কেমন কলেজ চাই ও আমাদের করণীয়, শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই মানবতার কল্যাণে কাজ করবে, এমন দেশ প্রেমিক ও নৈতিকতা সম্পন্ন নাগরিক তৈরির মানসিকতা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।
৭০তম মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগরের বোর্ড বাজারে অবস্থিত গাজীপুর প্রেসিডেন্সি কলেজে এ সেমিনারের আয়োজন করা হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি স্থানীয় ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের সভাপতিত্বে ও পর্ষদ সদস্য সফিকুল ইসলামের সঞ্চালনায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে আরো বক্তব্য দেন, ইঞ্জিনিয়ার মো. মমতাজ উদ্দিন মোল্লা, মো. আফজালুর রহমান খান, ইঞ্জিনিয়ার মো. আব্দুল হাই নীলু, মো. লেহাজ উদ্দিন ভ‚ইয়া, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক সার্জেন্ট অব. মো. আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. সুলতান আহম্মেদ, মো. মুজাদুল ইসলাম, মো. বাবুল হোসেন মন্ডল, রফিকুল ইসলাম, মাওলানা আবু হানিফ, হেলাল উদ্দিন, মোখতার হোসাইন, মো. আব্দুল হাই, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাবীবুল্লাহ, মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
সেমিনারে সভাপতির বক্তৃতায় আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই মানবতার কল্যাণে কাজ করবে, এমন দেশ প্রেমিক ও নৈতিকতা সম্পন্ন নাগরিক তৈরির মানসিকতা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। তিনি বলেন, সকল বাধা বিপত্তি অতিক্রম করে আজীবন মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। সমাজকে আলোকিত করার লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছি, সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা চাই।



