কক্সবাজারে ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কারাগারে এসআই!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কক্সবাজারে ইয়াবাসহ পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনই বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে আছেন।

গ্রেপ্তার এসআইয়ের নাম মো. কামরুজ্জামান। তাঁর সহযোগীর নাম সাইফুল ইসলাম।

কামরুজ্জামান চট্টগ্রাম আদালতে জেলার চন্দনাইশ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত থাকার আগে তিনি কক্সবাজারের টেকনাফ থানায় ছিলেন।

গত শুক্রবার বিকেলে কক্সবাজারের রামুর মরিচা তল্লাশিচৌকি থেকে কামরুজ্জামান ও সাইফুলকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিএনজিচালিত একটি অটোরিকশায় করে যাওয়ার সময় তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ছয় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে বিজিবি।

এ ঘটনায় শুক্রবার রাতে রামু থানায় মামলা হয়। এই মামলায় কামরুজ্জামান ও সাইফুলকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন শনিবার তাঁদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়। এসব তথ্য মঙ্গলবার জানাজানি হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, কামরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

 

সূত্র: প্রথম আলো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button