পূবাইলে লেগুনা চাপায় অজ্ঞাত পথচারীর মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইল রেল গেইটে লেগুনা চাপায় অজ্ঞাত (৩৫) এক পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে অজ্ঞাত ওই পথচারী পূবাইল রেল গেইট অতিক্রম করার সময় টঙ্গী-পূবাইল সড়কে চলাচল করা টঙ্গীগামী নাম্বার বিহীন একটি লেগুনা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর লেগুনা ফেলে রেখে চালক পালিয়েছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, পুবাইল থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে বেলা সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পথচারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লেগুনাটি জব্দ করা হয়েছে। ঘটনা রেল সড়কে থাকায় এ বিষয়ে রেল পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।



