ইউক্রেনে ৪৯৮ রুশ সেনা নিহত, স্বীকার করলো রাশিয়া
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ৪৯৮ রুশ সেনা নিহতের কথা স্বীকার করেছে রাশিয়া।
বুধবার (০২ মার্চ) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এ স্বীকারোক্তি দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর বুধবার প্রথমবারের মতো নিজ দেশের সেনাদের হতাহতের পরিসংখ্যান নিয়ে মুখ খোলে মস্কো।
ইগর কোনাশেনকভ জানিয়েছেন, ৪৯৮ জন সেনাসদস্য নিহতের পাশাপাশি আহত হয়েছে আরও এক হাজার ৫৯৭ জন রুশ সেনা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্রের দাবি, চলমান সংঘাতে দুই হাজার ৮৭০-এরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় তিন হাজার ৭০০ জন। এছাড়া বন্দি করা হয়েছে আরও ৫৭২ জনকে।
রাশিয়ার এই পরিসংখ্যান সম্পর্কে অবশ্য তাৎক্ষণিকভাবে ইউক্রেনের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। অর্থনৈতিক যুদ্ধ প্রায়ই সত্যিকারের যুদ্ধে রূপ নেয় বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে তিনি দেশটির নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘ভুলে যাবেন না, মানব ইতিহাসে অর্থনৈতিক যুদ্ধগুলো প্রায়ই সত্যিকারের যুদ্ধে রূপ নিয়েছিল।’



